এপ্রিল ফুল ছড়া
© সুদীপ রায়, ১৯৭০ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
© সোহম দাশগুপ্ত, ১৯৭৭ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
ফার্স্ট এপ্রিলে হলে ‘এপ্রিল ফুল’?
টেক ইট কুল দাদা, থিঙ্ক ইট কুল।
লাঞ্চে তোমার ছিল ইনভিটেশন,
পাঁচতারা হোটেলে, নয় সাধারণ।
বন্ধুর ডাকে তুমি সাড়া দিয়ে যেই
পৌঁছুলে সেখানেতে, দেখ কেউ নেই।
ফোন করতেই ব্যাটা হেসে খিলখিল।
বলে ‘ভুলে গেলি আজ ফার্স্ট এপ্রিল?’
হ্যা হ্যা করে বন্ধু সে হেসেই আকুল,
বলে ‘তুই হয়ে গেলি এপ্রিল ফুল।’
খুব রেগে গেছ নাকি আজ তুমি দাদা?
ভাবছ সত্যি যে তুমি আস্ত সে গাধা!
ঠাট্টার খেলা এটা নিছকই এক জোক,
এই দিনে করে থাকে কিছু কিছু লোক।
দুঃখ করার জেনো এতে কিছু নেই।
আসলে আমরা যে সব প্রতিটি দিনেই
দাদা, নেতাদের কাছে নিয়মিত ধোঁকা
খেয়ে খেয়ে বনছি যে রোজ রোজ বোকা।
আসছে ইলেকশন, শুনছি তো কত,
মিথ্যে প্রতিশ্রুতি রোজ শত শত।
সাধারণ জনগণ আমরা সবাই,
সে কথা শুনতে তবু রোজই দৌড়াই।
আমাদেরই ভোটে জিতে তারা আমাদের
পকেট করবে ফাঁকা আমাদেরই ফের।
এ কথা বলতে বাধা নেই বিলকুল,
হচ্ছি আমরা রোজ ‘এপ্রিল ফুল’।
ফার্স্ট এপ্রিলে তাতে আরো একবার,
না হয় বনলে বোকা আজকে আবার।
*******
XYZ
© সোহম দাশগুপ্ত, ১৯৭৭ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং






Add comment