সাহিত্যিকা

আমাদের প্রাক্তনীদের লেখা বই (ম্যাপেল পাতার দেশে)

আমাদের প্রাক্তনীদের লেখা বই (ম্যাপেল পাতার দেশে)
© দীপঙ্কর রায়, ১৯৮০ সিভিল ইঞ্জিনিয়ারিং

লেখকের নিবেদন: পুস্তক পরিচিতি
কানাডার বিস্তার পূর্বে আটলান্টিক থেকে পশ্চিমে প্যাসিফিক উপকূল পর্যন্ত। এই বিশাল ব্যাপ্তির মাঝে ছড়িয়ে আছে নায়াগ্রা থেকে রকি মাউন্টেন, ওয়াস্কিসিউ থেকে ড্রামহেলারের মত নানান পর্যটন আকর্ষণ, আর অধিবাসী থেকে আদিবাসীর অবস্থান। পারিবারিক সূত্রে কিছুদিন কানাভায় থাকার সূত্রে সুযোগ হয়েছিল ম্যাপেল পাতার দেশকে অনুভব করার। সেই অনুভূতির রূপ দিতেই এই বইটি লেখার প্রয়াস আমার। ছোট বই, পাঠ সময় অনধিক এক ঘন্টা, তার মধ্যেই ঘুরে আসা, ফ্রম টরণ্টো টু ক্যালগেরি আর রকি মাউন্টেন

পাঠক প্রতিক্রিয়া
২০২৬ এর কলকাতা বই মেলায় এক সন্ধ্যায় অলস ভাবে এ স্টল থেকে ওই স্টল এ ঘুরতে ঘুরতে হঠাৎ এক ছোট্ট স্টলে প্রদর্শিত বইগুচ্ছের মধ্যে একটা চটি পাতলা রং চংয়ে প্রচ্ছদযুক্ত বই এর উপর চোখ আটকে গেল – নাম “ম্যাপেল পাতার দেশে”, লেখক দীপঙ্কর রায়। স্টলের বাইরে দাঁড়িয়ে বলতে গেলে এক নিঃশ্বাসেই পড়ে ফেললাম লেখকের কানাডা ভ্রমণের এই ভ্রমণকাহিনী। যে কোন ভ্রমণকাহিনীর মূল উদ্দেশ্য আমার মনে হয় দুটো – এক, পাঠকের মানস ভ্রমণের রস আস্বাদন, আর দুই, পাঠককে বর্ণিত জায়গায় ঘুরে আসার তাগিদ অনুভব করানো। দুটি ক্ষেত্রেই আমার কাছে লেখক দারুণভাবে সফল। গোটা পঞ্চাশ পাতার পরিসরে বইটি লেখা, আর তরতরে ভাষায় ছোট ছোট দুই তিন পাতার অধ্যায়ে বিভক্ত এই বই এর এই অঙ্গ বিভক্তি পাঠকের মনোযোগ টানটান ধরে রাখে। অথচ এই ছোট্ট পরিসরে টুকিটাকি গল্পচ্ছলে লেখা বিষয়ের বৈচিত্র্যতা বইটিকে অনন্য মাত্রা দিয়েছে এটা নিঃসন্দেহে বলা যায়। কানাডার দর্শনীয় স্থানগুলি যেমন নায়াগ্রা, রকি মাউন্টেন, ক্যালগেরি, অণ্টারিও হ্রদ লেখায় স্থান পেয়েছে, তেমনিই উল্লেখ আছে সে দেশের কৃষিফসল এবং কৃষিপদ্ধতি, যানবাহন ব্যবস্থা, অভিবাসী বনাম আদিবাসী সমস্যা, ডাইনোসর জীবশ্ম সংগ্রহালয়ের কথা। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, শিল্প, জীবনচর্যা কোন কিছুই বাদ যায়নি লেখকের দৃষ্টি এবং লেখনী থেকে। মানবতা লঙ্ঘনের ব্যথা যেমন লেখকের বর্ণণায় অনুরণিত, তেমনই তীব্র জীবনবোধ ও সভ্যতার সংগ্রাম প্রতিধ্বনিত তাঁর আশাবাদী কলমে। তাই ফার্স্ট নেশনের প্রতিনিধি শিল্পীর অঙ্কন লেখকের চোখে সভ্যতার বিবর্তনের রূপভেদ। অনবদ্য স্টাইলে গল্পের গতিময়তার বাধা না ঘটিয়ে বিভিন্ন বিষয়গুলির অবতারণা করেছেন লেখক। বিদেশের মাটিতে গিয়েও লেখকের দেশের প্রতি টান এক চিত্তাকর্ষক আঙ্গিকে কিছু অধ্যায়ের নামকরণেও উজ্জ্বল। লেখক যেন এক ঘণ্টার এক হাওয়াই জাহাজ ভ্রমণে ভ্রমণপিপাসু পাঠকবর্গকে কানাডায় ঘুরিয়ে নিয়ে এলেন। ভ্রমণেচ্ছু উৎসাহী পাঠকদের সংগ্রহে এই বই একটি ছোট্ট হীরকখণ্ডসম হয়ে থাকবে। অত্যন্ত প্রশংসনীয় এই বইটির কিছু মুদ্রণ ত্রুটি আশা করি পরবর্তী সংস্করণে সংশোধিত হবে। অনেক শুভেচ্ছা রইলো লেখক দীপঙ্কর রায়ের প্রতি লেখকের ভূমিকায় আরো এগিয়ে যাওয়ার।
– সৌমিত্র পালধী, সোনারপুর

প্রকাশক: পরম্পরা প্রকাশন
২০এ বেনিয়াটোলা লেন
কলকাতা ৭০০০০৯
মুদ্রিত বিনিময় মূল্য: ২০০ টাকা মাত্র
প্রাপ্তিস্থান: অনলাইন স্টোর: https://souravstory.com

********

Sahityika Admin

Add comment