সাহিত্যিকা

স্মৃতিচারণ – রজত ঘোষ (১৯৮৯ ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং)

স্মৃতিচারণ – রজত ঘোষ (১৯৮৯ ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং)
তাপস মৌলিক, ১৯৮৯ মেকানিকাল ইঞ্জিনিয়ারিং

কীসের এত তাড়া ছিল তোর?
কিছুই গেলি না বলে,
ফস করে গেলি চলে
এক টানে ছিঁড়ে ফেলে বাঁধনের চল্লিশ বছর!

মোটেই হল না এটা ঠিক,
কলেজের দিন থেকে
এতকাল তোকে দেখে
বুঝিনি কখনও তুই ছিলি এরকম বেরসিক!

মাঝে মাঝে ভাবি বসে বসে,
সোনাঝরা দিনগুলো,
হইচই খেলাধুলো,
সে স্মৃতি-আকাশ থেকে একে একে তারা পড়ে খসে।

পড়ে থাকে কাজ, বেলা যায়,
শক্ত করে চোয়াল
ওঠাই কাঁধে জোয়াল,
প্রাণপণ ভুলে থাকি ব্যস্ত থাকার অছিলায়।

যেখানে থাকিস, থাক ভালো,
জানি তুই অমলিন
রয়ে যাবি চিরদিন
জাদু-প্রদীপের মতো সকলের প্রাণে জ্বেলে আলো।

মহাকালস্রোত বয়ে যায়,
কে জানে ওপার থেকে
কবে কাকে নেবে ডেকে,
যেদিন মুক্তি পাব দেখা হবে স্বর্গের বকুলতলায়।

** সদ্যপ্রয়াত রজত ঘোষ-এর (২৪.০১.১৯৬৮ – ২১.০৩.২০২৬,
(১৯৮৯ ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং) স্মৃতির উদ্দেশে

********

Sahityika Admin

Add comment