যে কবিতা লেখা হয় নি
©সুদীপ সেনগুপ্ত, ১৯৮০ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
লিখতে চাই যে মনের মতন
সাধ্যমতন করছি যতন
কত রকম ভাবনা আসে যে মাথায়
কোনটা ছেড়ে কোনটা ধরি
করলে কি ঠিক রাখবে হরি?
ভয় যেন হয় কেউ না আমায় পেটায়!!
এই তো হলো সমস্যা বেশ
কোথায় যে কাল? কোথায় বা দেশ?
করবো বিচার কোথায় এমন পাত্র?
এত সময় পেরিয়ে এসে,
এতটা দিন কেঁদে হেসে,
এখন আমি প্রাথমিকের ছাত্র।।
ত্যাগ করেছি হাতের কলম
মনবেদনায় কালির মলম
মুঠোফোনের পরশই এখন যে ভরসা।
পাই না তো হায় সেই যে ছোঁয়া
হিয়ার সকল আবেগ-ধোয়া
চলে যায় কত গ্রীষ্ম শীত বর্ষা।।
সাথে আছেন জীবনসাথী
ব্যথায় আমার সমব্যথী
“ছাড়ো এবার সারাদিনের যন্ত্র।
লেখনী হোক কাগজ ‘পরে
ভ্রমণ ক’রে ভাবের ঘরে
হোক না সেটাই সৃষ্টিসুখের মন্ত্র”।।
মনটা পেলো সঠিক দিশে
শান্তি পেলাম এক নিমেষে
হয়তো এবার রচবো নতুন কিছু।
ধূসর কোষে লাগবে নাড়া
ভাবনাগুলোয় জাগবে সাড়া
পুরোনো দিন ডাকবে না আর পিছু।
সামনে এখন নতুন সে দিন
কৃষ্ণ শাদা এবং রঙিন,
কাব্য আসবে নিজের মতন করে।
লিখবো এবার সেই কবিতা
জীবন পথের এক ছবি তা’
যা হয়নি লেখা সারা জীবন ধরে।।
*******






Add comment