ইচ্ছে করে
© অপূর্ব চক্রবর্তী, ১৯৭৭ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
ইচ্ছে করে হারিয়ে যাওয়া ছেলেবেলা আবারও ফিরে পাই।
ইচ্ছে করে কালবোশেখীর ঝড়ের মাঝে আম কুড়োতে যাই।
ইচ্ছে করে উদোম গায়ে সাঁতার দেবো কাজল দিঘির জলে।
ইচ্ছে করে কাগজ দিয়ে নৌকো ভাসাই মাঝ উঠোনের জলে।।
ইচ্ছে করে দুর্গাপুজোর ভিড়ের মাঝে ঠাকুর দেখতে যাবো।
ইচ্ছে করে টিফিন বেলায় বুড়ীর চুল আর কাঠি আইসক্রিম খাবো।
ইচ্ছে করে মেঘের ভেলায় ভেসে চলি অচিনপুরের দেশে।
সাতরঙা ঐ রামধনু যেথা নীল আকাশে মেশে।।
ইচ্ছে করে মায়ের সাথে রথের মেলায় গিয়ে
পাঁপড় ভাঁজা জিলিপি খাবো দুটি পয়সা দিয়ে।।
ইচ্ছে করে যদি চোর পুলিশ আর কানামাছি খেলি
সারা বিকেল ছোটবেলার বন্ধুরা সবে মিলি।।
ইচ্ছে করে দুপুর রাতে জলার পাশে আলোদানাকে ধরি।
ইচ্ছে করে আকাশের ঐ ঘুড়ির মতন উড়ি।
কেন পারিনা আগের মতন আবার ছোট হতে?
কেন হয়না হারিয়ে যাওয়া ছোটবেলা আবারও ফিরে পেতে?
তারিখ-২৪/০৩/২০২৬
*******






Add comment