সাহিত্যিকা

যে গোলার্ধে আলো পড়ে না।

যে গোলার্ধে আলো পড়ে না।
© বন্দনা মিত্র, ১৯৮৬ মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং

মেয়েরা আমাদের ভুবনের অর্ধেক আকাশ, যে আকাশ চিরায়ত কুয়াশায় ঢাকা। মেয়েদের তুলনা করা হয় চাঁদের সঙ্গে। সত্যিই মেয়েরা চাঁদের মত। না, রূপের জন্য নয়। সকলেই জানেন চাঁদের ঘূর্ণন গতির জন্য তার একটি পিঠ সবসময় পৃথিবীর মানুষের দৃষ্টির আড়ালে থেকে যায়। মেয়েদের অর্ধভুবনও তেমনি ঢাকা আমাদের অজ্ঞতার অন্ধকারে। সেই জগতে কত তরঙ্গ উঠছে, বা কতটা তার বিদ্যুৎ প্রবাহ সেই খবর অজানাই থেকে যায়। এই অজানা জগতে আলো ফেলার তাগিদ দিয়ে অসীম’দা, মানে সাহিত্যিকার সম্পাদক মশাই, অসীম দেব, ফোন করলেন। কিছু লিঙ্কও পাঠালেন আমার কৌতূহল উস্কে দিতে। তৈরী হলো কয়েকটি ব্যতিক্রমী মেয়ের গল্প, যাদের নাম আপনারা অনেকেই বোধহয় জানেন না।

যেমন ধরুন প্রয়াগরাজের কন্যা নিবেদিতা দুবে, Airport Authority of India-র প্রথম মহিলা বোর্ড লেভেল ডিরেক্টর, সদ্য দায়িত্ব গ্রহন করলেন। ১৯৯৫ সালে তিনি Management Trainee হয়ে AAI তে যোগদান করেন। তিনি ২০২৩ সালে AAI এর ইতিহাসে প্রথম মহিলা Regional Executive Director (Eastern Region)। তাঁর অধীনে তখন ১২টি এয়ারপোর্ট। সংস্থার মানব সম্পদ পরিচালনায় তাঁর দক্ষতা ছিল প্রশ্নাতীত। আর্থিক লোকসানে চলা AAI যে সেই সময়ই লাভের মুখ দেখে, সেই কৃতিত্বের প্রধান দাবিদার সরকারিভাবেই ছিলেন নিবেদিতা দুবে। এরপর প্রতিটি ধাপে সাফল্যের সাথে উত্তীর্ন হয়ে কর্পোরেট কাঁচের ছাদ ভেঙে বোর্ডরুমের আসনে বসার অধিকার অর্জন করলেন। ১লা ফেব্রুয়ারির হিন্দুস্থান টাইমস অনুযায়ী এখন থেকে ভারতের বিমান পরিসেবা (aviation) সেক্টরের নীতি, কর্মপন্থা ও পরিচালনার লাগাম অনেকটাই থাকবে এই এলাহাবাদী রমণীর অধীনে।

ক্লাস এইটে পড়া একটি তেরো বছরের বালিকা, গুজরাটের এক ছোট্ট শহর জুনাগড়ের মেয়ে, এ বছর মানে ২০২৬ সালের Under 14 Australian Open টেনিসের সেরা সন্মান জিতে নিয়েছে, একথা আপনারা জানেন কি? তার নাম জেনসি কানবার। তেমন কিছু অর্থ বা পরিকাঠামোর সাহায্য সে পায় নি, শুধু নিজের আর বাবার উৎসাহ সম্বল করেই কোর্টে নেমে পড়েছিল। জেতার পরে নিজের গুজরাটি মাতৃভাষাতেই অসংকোচে স্বীকার করেছে যে প্রথম সেটে হেরে ভয় করছিল, কিন্তু নিজেকে ধীরে ধীরে সামলে নেয়। সময়মত নিজেকে সামলে নেওয়ার ক্ষমতা আমাদের ক’জনের আছে? বলা বাহুল্য জেনসি হল প্রথম ভারতীয় কন্যা, যে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে।
(সূত্র – Gulf News 3rd February)

এবার বলি কর্নেল সীমা মিশ্রার কথা। প্রথম মহিলা আর্মি অফিসার যিনি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত, ভারতের প্রথম সৈনিক স্কুল, উত্তরপ্রদেশ সৈনিক স্কুলের প্রিন্সিপালের দায়িত্ব সদ্য নিয়েছেন। তিনি এই অনন্য মর্যাদাসম্পন্ন সৈনিক স্কুলের প্রথম মহিলা প্রিন্সিপালও বটে। আশা রাখি ম্যাডামের নেতৃত্বে ভবিষ্যতে আরো অনেক ভারতকন্যা ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হবেন। শুধু নিজের সংসার নয়, নিজের দেশকেও সুরক্ষিত রাখতে কোমর বেঁধে মাঠে নেমে পড়বেন তাঁরা। বিভিন্ন দায়িত্ব সামলাবেন।
(সূত্র: Hindustan Times, 6th February 2026)

Missal Mumbai একটি আন্তর্জাতিক স্বীকৃতি প্রকল্প, ২০১৬ সালে শুরু হয় রঙ তুলি দিয়ে মুম্বাইএর ধারবি বস্তির দেয়াল সুন্দর করার চ্যালেঞ্জ নিয়ে। এরপর এই সৌন্দর্যায়ন ছড়িয়ে গেছে বান্দ্রা পশ্চিম থেকে মুম্বাই এর অন্য অনেক বস্তি অঞ্চলে। শুধু রঙ তুলি নয়, ঝাড়ু, ন্যাতা দিয়ে জঞ্জাল নির্মূল করাও ছিল এই প্রকল্পের অংশ। উল্লেখযোগ্য যে দেয়াল আঁকার বিষয় হিসেবে বেছে নেওয়া হয়েছিল এমন সব লিখন যা বস্তির বাচ্চাদের চলতে ফিরতে দেখতে দেখতেই শেখাবে পড়তে, লিখতে, অঙ্ক করতে। দেবে স্বাস্থ্য ও পরিবেশের প্রাথমিক পাঠ। বেশ কিছু মুম্বাই বস্তির পরিবেশ পাল্টে দেয় এই সুদূরপ্রসারী প্রকল্প। আর এই প্রকল্পের পুরোধা ছিলেন স্বনামধন্য ভাস্কর ও সমাজকর্মী রুবেল নেগী (Roubel Nagi). সম্প্রতি আন্তর্জাতিক স্তরে তাঁর কাজ স্বীকৃতি পেয়েছে, তিনি পেয়েছেন UNESCO কার্যক্রমের অন্ত্রর্ভুক্ত Global Teacher Prize 2026, যার অর্থমূল্য এক মিলিয়ন ডলার। পুরস্কারটি প্রদান করেছেন GEMS Education। এই পুরস্কার দেওয়া হয় শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে। রুবেল নেগি প্রথম ভারতীয় মহিলা যাঁকে এই বিরল সম্মানে ভূষিত করা হয়েছে।

এরপর দিব্যা দেশমুখের গল্প। মহারাষ্ট্রের এই কুড়ি বছরের তরুণী শুধু বিশ্ব দাবার আসরে গ্র্যান্ড মাস্টারই নয়, জিতে নিয়েছে ২০২৫ এর FIDE মহিলা দাবা বিশ্বকাপ। তার প্রতিপক্ষ কে ছিল জানেন? হাম্পি করেনু, তিনিও একজন ভারতীয় মহিলা দাবা খেলোয়ার। ভাবতে পারেন, মহিলাদের বিশ্ব দাবার সেরার শিরোপা, অর্থাৎ চ্যাম্পিয়নশিপের আসরে হাড্ডাহাড্ডি লড়াই করছেন আমাদেরই দুই ঘরের মেয়ে! দেশের জন্য হারলেও সোনা, জিতলেও সোনা!

অনুপর্ণা রায়, পুরুলিয়ার মেয়ে। ২০২৫ ভেনিস চলচ্চিত্র উৎসবের হরাইজন বিভাগে তাঁর নির্মিত প্রথম চলচিত্র Songs of Forgotten Tree অর্জন করেছে শ্রেষ্ঠ পরিচালকের শিরোপা। হরাইজন (Orizzonti) বিভাগ নবাগত চিত্রপরিচালকদের উৎসাহ দিতে শ্রেষ্ঠ বা বড়জোর দ্বিতীয় শ্রেষ্ঠ কাজের মূল্যায়ন করে এই শিরোপা দেয়। অনুপর্ণাই প্রথম ভারতীয় যিনি এই পুরস্কার পেলেন। তাঁর পথচলা সবে শুরু, আমরা ভবিষ্যতে বিশ্ব চলচ্চিত্রের সিংহাসনে আবার এক ভারতীয় তথা বাঙালির অভিষেক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম।

এমন আরও উদাহরণ আছে, তাঁরা এতই নিঃশব্দে কাজ করে চলেছেন যে আমরা সেসব খবরই রাখি না। আমি আমার নিবন্ধ সীমিত রেখেছি ২০২৬ ও ২০২৫ এর অল্প কয়েকটি উদাহরণে।

লেখাটা একটু বড় হয়ে যাচ্ছে জেনেও জুড়ে দিলাম সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়ের নাম, Indian Statistical Institute এর প্রথম মহিলা ডিরেক্টর, যিনি ২০১০ সালে ভাটনগর পুরস্কার প্রাপ্ত, ২০১৮ সালের TWAS পুরস্কার প্রাপ্ত (World Academy of Science, Italy প্রতি বছর তৃতীয় বিশ্বে বিজ্ঞানের ক্ষেত্রে অনন্য অবদানের জন্য এই পুরস্কার প্রদান করে), এবং ২০২২ সালে ভারত সরকারের পদ্মশ্রী উপাধি ভূষিত। বর্তমানে সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর Science, Technology and Innovation Advisory Council এর এক সম্মানীয় সদস্য।

এরসঙ্গে জুড়ে দিলাম কিছুদিন আগেই আমাদের মেয়েদের ক্রিকেটে বিশ্বকাপ জয়, তাও কানায় কানায় ভরা স্টেডিয়ামে এবং নিজেদের যোগ্যতায় পুরুষদের সমান অর্থ সম্মানমূল্যের দাবিদার ও অধিকারী হওয়া, আরেকটি উদাহরণ প্রযুক্তিগত বিপত্তি সত্ত্বেও সাহসী সুনীতা উইলিয়ামসের ন’মাসের বেশি মহাশূন্যে কাটানো, (মহাকাশচারীদের মহাশূন্যে দীর্ঘতম কালের সময় কাটানোর রেকর্ড)। আরেকটি উদাহরণ অতি সম্প্রতি কাঞ্চন বাই মেঘ্ব্যাল নামে অঙ্গন বাড়ির এক মহিলা কর্মী (একটি সেন্টারে মিড ডে মিল রান্না করেন) যিনি মৌমাছির হুল থেকে নিঃসম্পর্কীয় কুড়িটি বাচ্চাকে বাঁচিয়ে অবশেষে নিজের প্রাণ দিলেন। কাঞ্চন বাই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী, পিছনে রেখে গেলেন পঙ্গু (paralysed) স্বামী ও তিনটি শিশু সন্তান। – জানি না এঁনার এই নিঃস্বার্থ কাজ সঠিক মূল্যায়ন পাবে কিনা।

এমন আরো অজস্র উদাহরণ আছে, শুধু তারা এতই নিঃশব্দে কাজ করে চলেছেন যে আমরা সেসব খবরই রাখি না। সেই যে বব ডিলানের গান আছে – How many miles a man must walk before he calls him a man.

মেয়েরা সেই পথটুকু এতদিনে কিন্তু হেঁটে নিয়েছে।

** https://www.hindustantimes.com/cities/others/nivedita-dubey-makes-history-as-first-woman-on-aai-board-101769886526032.html
** https://gulfnews.com/sport/tennis/how-a-small-town-girl-from-india-won-the-australian-open-title-1.500430317
** https://www.youtube.com/watch?v=4jZ1ipIRK9Y
** https://www.facebook.com/photo/?fbid=10163839073827962&set=gm.3444433842404430&idorvanity=300870270094152
** https://www.thenationalnews.com/news/uae/2026/02/05/indian-teacher-rouble-nagi-clinches-1-million-worlds-best-teacher-prize/
** https://www.youtube.com/shorts/4kCFz2k_Oj8?app=desktop
(When Divya won U-12 World Championship)

*******

 

Sahityika Admin

Add comment